ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

এমপি আজিম পরিকল্পিত হত্যার শিকার, দেশে গ্রেফতার ৩: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউটাউনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২২ মে) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ধানমণ্ডিতে আয়োজিত এক সংবাদসম্মেলনে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে নৃশংসভাবে খুন করা হয়েছে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে। এমপি আনার হত্যার ঘটনায় আমাদের পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ভারতীয় পুলিশ আমাদের সহায়তা করছে।


তার মরদেহ উদ্ধার করা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে যেসব তথ্য আছে তা এখনই প্রকাশ করছি না। তদন্তের স্বার্থে এখনই অনেক কিছু বলবো না। পরে সব কিছু আপনাদের জানাবো।’


তিনি বলেন, ‘কোথায় খুন হয়েছেন, কে কে খুন করেছে, কেন খুন করেছে, কোন ধরনের অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সব বলব। তবে মরদেহ এখনো আমাদের হাতে আসেনি। যতটুকু খবর পাচ্ছি সেই অনুযায়ী আমরা তদন্ত করছি।’


যে তিনজন আটক হয়েছেন তারা এখন কোথায় আছেন জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘তারা বর্তমানে আমাদের হেফাজতে আছেন। তাদের পরিচয় এখনই বলছি না। তদন্তের পর সব বলব। যারা খুনে জড়িত তাদের কী কী উদ্দেশ্য ছিল সব প্রকাশ করব।’


সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান, ডিবিপ্রধান হারুন অর রশীদ।


প্রসঙ্গত, গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন ‘সঞ্জিভা গার্ডেন’ থেকে ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এই এমপির মরদেহ উদ্ধার করার কথা জানায় স্থানীয় পুলিশ। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে এমপি আনোয়ারুল আজিম তার যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন, সেই গোপাল বিশ্বাস বুধবার সকালে পুলিশের কাছ থেকে আনারের লাশ উদ্ধারের খবর পান বলে গণমাধ্যমে জানিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑